কুমিল্লায় কম মাপ দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ Oct 5, 2026 - 20:46
কুমিল্লায় কম মাপ দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা


জেলায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাগরজুলি, পদুয়ার বাজার বিশ্বরোড ও কৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, অভিযানকালে ঝাগরজুলি এলাকার এসকে ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অকটেন, পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পাঁচ লিটার অকটেনে ১২০ মিলিলিটার, পেট্রোলে ১৩০ মিলিলিটার এবং ডিজেলে ১১০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগরজুলি এলাকার রোড স্টার হোটেলের মাহি ফুড কর্ণার-এর বিরুদ্ধে এক ভোক্তার অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখানে ২৫০ মিলিলিটার সফট ড্রিংকসের গায়ে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ২৫ টাকা থাকলেও তা ৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ প্রতি বোতলে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা দেওয়া হয়।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করা এবং পরিমাপে সঠিক পরিমাণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।