নেত্রকোণায় মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সমাবেশ
জেলার দুর্গাপুর উপজেলায় আজ মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের উন্নয়নমূলক কাজে সচেতনতার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী বারমারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
বারমারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মশিউর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, বারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম এবং ২নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, ইভটিজার ও নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিয়ে শুধু আইনত দণ্ডনীয় অপরাধই নয়, এটি একটি সামাজিক অভিশাপ। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান। যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে বলে তিনি উল্লখ করেন।