জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ঢাবির সংকলন প্রকাশের উদ্যোগ

প্রকাশঃ Jul 29, 2026 - 20:14
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ঢাবির সংকলন প্রকাশের উদ্যোগ


ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন একটি সংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে কলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই সংকলনে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রবন্ধ, রচনা এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের জুলাই কেন্দ্রিক কর্মসূচি স্থান পাবে। এ সংক্রান্ত লেখা ও কর্মসূচি জনসংযোগ দফতরের পরিচালক বরাবর প্রেরণের জন্য ঢাবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সম্প্রতি এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সভায় ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন।

আজ সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলের উদ্যোগে ‘জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থান স্মৃতির স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ হলের টিভি রুমে অনুষ্ঠিত হয়। একই সময়ে কবি জসীম উদদ্ীন হলের উদ্যোগে জুলাই বিপ্লবকে উপজীব্য করে উপস্থিত রচনা প্রতিযোগিতা ও বিশেষ পার্লামেন্টারি বিতর্ক, শহিদদের রুহের মাগফেরাত কামনায় হল মসজিদে বিশেষ মোনাজাত এবং হল অডিটোরিয়ামে ‘স্মৃতিতে ও জাগরণে জীবন্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া আজ সন্ধ্যায় মাস্টারদা সূর্যসেন হলের উদ্যোগে হলের টিভি কক্ষে ‘স্মৃতিতে রক্তিম জুলাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে ‘জুলাই বিপ্লব স্মৃতি আলোচনা’ শীর্ষক কবিতা আবৃত্তি ,স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান আজ অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সম্মানিত অতিথি এবং প্রক্টর মো. ইসরাফিল রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রভাষক ফাবিয়া মাহবুব স্বাগত বক্তব্য দেন। শিক্ষার্থীরা স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। জুলাই আন্দোলন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ৩য় বর্ষের শিক্ষার্থী ফারহান আহমাদ ও আশফা বিনতে লতিফ অনুষ্ঠান সঞ্চালন করেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ভূগোল ও পরিবেশ বিভাগের আর আই খান অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ্ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

আগামী রোববার দুপুরে আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের উদ্যোগে কলা ভবনে ‘ননপার্টিজানশিপ ইন জুলাই রেভল্যুশন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ এবং ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ সেমিনারে বক্তব্য রাখবেন। বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

আগামী সোমবার সকাল ১০ টায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান : দায়িত্ববোধ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আগামী মঙ্গলবার বিকেল ৪টায় শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে জুলাই শহিদ স্মৃতি ভবন হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।