বুমরাহর বদলি হিসেবে দলে নবি

প্রকাশঃ Aug 3, 2026 - 21:37
বুমরাহর বদলি হিসেবে দলে নবি


ইনজুরি আক্রান্ত পেসার জসপ্রিত বুমরাহর পরিবর্তে শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। বাঁ-হাঁটুর ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বুমরাহ। গেল মাসে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পান তিনি। 

হাঁটুতে ইনজুরি থাকা সত্ত্বেও শ্রীলংকা সফরের দলে রাখা হয়েছিল তাকে। কিন্তু প্রথম টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠার সম্ভাবনা না থাকায় দল থেকে বাদ পড়েন বুমরাহ। 

ঘরোয়া আসর রঞ্জি ট্রফির সর্বশেষ দুই মৌসুমে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ২৯ বছর বয়সী নবি। ১০৪ উইকেট শিকার করেন তিনি। এরমধ্যে গত মৌসুমে জম্মু-কাশ্মীরের প্রথম শিরোপা জয়ে ১০ ম্যাচে ৬০ উইকেট শিকার করেন নবি। 

এছাড়া লিষ্ট ‘এ’ ক্রিকেটে ৩৬ ম্যাচে ৫৬ এবং টি-টোয়েন্টিতে ৩৯ ম্যাচে ৪৩ উইকেট শিকার করেছেন নবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৮ কোটি ৪০ লাখ রুপিতে নবিকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সম্প্রতি ভারতীয় ‘এ’ দলের হয়ে শ্রীলংকা সফর করেছেন তিনি। লঙ্কান সফরে প্রথম ম্যাচে ৪ ও ১ উইকেট নেন নবি। পরের ম্যাচে শিকার করেন মাত্র ১ উইকেট। 

আগামী ১৫ আগস্ট থেকে গল-এ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও শ্রীলংকা। এরপর ২৩ আগস্ট থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। পয়েন্ট টেবিলে ভারত পঞ্চম ও শ্রীলংকা ষষ্ঠ স্থানে আছে।