স্ট্যানলেকের ইনজুরিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে এডওয়ার্ডস
সাইড স্ট্রেইন ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার পেসার বিলি স্ট্যানলেক।
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন স্ট্যানলেক। এরপর অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হয়েছে তাকে। সেখানে স্ক্যান করাবেন তিনি।
স্ট্যানলেকের জায়গায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে ফরম্যাটের দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তার।
এ বছরের জানুয়ারিতে লাহোরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৫ রান করার পাশাপাশি বোলিংয়ে ২ ওভার বল করে ২৫ রান দিয়ে উইটেশূন্য ছিলেন এডওয়ার্ডস। সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া নিউ সাউথ ওয়েলসের নেতৃৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
কাজের চাপ বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার স্পেন্সার জনসনকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলেছেন তিনি। ভারত সফরে ৫০ ওভারের ম্যাচে অংশ নিতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলবেন জনসন। পিঠের ইনজুরির কারণে ২০২৫ সালে ও ২০২৬-এর শুরুতে মাঠের বাইরে ছিলেন তিনি।
আগামী ২৪ সেপ্টেম্বর ডারবানে ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা। এরপর ২৭ ও ৩০ সেপ্টেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে তারা। ওয়ানডে শেষে ৯ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।