আলভারেজকে ছাড়তে নারাজ অ্যাথলেটিকো মাদ্রিদ
বার্সেলোনার আগ্রহ থাকলেও চলতি ট্রান্সফার মৌসুমে ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বে না বলে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে।
গত মাসে বার্সেলোনা গোপনে আলভারেজকে নিজেদের দলে টানার চেষ্টা করেছে, এমন অভিযোগে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।
আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড়কে জড়িয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সাথে আলোচনার গুঞ্জনও শোনা গেছে। এ ছাড়া জুনে আলভারেজকে দলে নিতে রিয়াল মাদ্রিদের ১৫ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল এ্যাথলেটিকো।
সিউলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সিমিওনে বলেন, “আমার মনে হয় পরিস্থিতি খুবই পরিষ্কার। ক্লাব একটি সিদ্ধান্ত নিয়েছে, যা প্রধান নির্বাহী কর্মকর্তা গিল মারিন খুব ভালোভাবেই ব্যাখ্যা করেছেন। খেলাধুলার দৃষ্টিকোণ থেকে আমরা জুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে খুবই আনন্দিত।
আমরা তাকে আরও বিকশিত হতে, আরও উন্নতি করতে এবং নিজের সেরাটা দিয়ে যেতে সাহায্য করব। গত দুই বছরে সে আমাদের জন্য যা করেছে, তার পরিমাণ ছিল অসাধারণ।”
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর ছুটি কাটিয়ে কয়েকদিন পরই এ্যাথলেটিকোর স্কোয়াডে যোগ দেওয়ার কথা আলভারেজের।
বিশ্বকাপে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছিলেন, “সবার জন্যই দলবদল সবচেয়ে ভালো হবে বলে আমি বিশ্বাস করি।” তবে কোন ক্লাবে যেতে চান, তা নিশ্চিত করেননি তিনি।
দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে এ্যাথলেটিকোয় যোগ দেওয়ার পর আলভারেজ ক্লাবটির হয়ে ৪৯ গোল করেছেন।
ক্লাবের নিজস্ব মিডিয়া চ্যানেলকে হিল মারিন বলেন, “আমরা তাকে বিক্রি করতে চাই না। ১০ কোটি ইউরোর প্রস্তাবও আমরা গ্রহণ করিনি, ১৫ কোটি বা ২০ কোটি ইউরোর প্রস্তাবও গ্রহণ করব না, “জুলিয়ানের জন্য এ্যাথলেটিকোই সঠিক জায়গা এবং জুলিয়ানই এ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার-ফরোয়ার্ড, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা তাকে ধরে রাখতে চাই।”
দলবদলের গুঞ্জনের পর এ্যাথলেটিকোর সমর্থকেরা আলভারেজকে কীভাবে গ্রহণ করবেন, এমন প্রশ্নের জবাবে সিমিওনে আঁতোয়ান গ্রিজমানের উদাহরণ টানেন।
ফরাসি এই তারকা বড় অঙ্কের অর্থের বিনিময়ে বার্সেলোনায় যাওয়ার পর আবার এ্যাথলেটিকোয় ফিরে এসেছিলেন।
শুরুতে সমর্থকদের একাংশের বিরোধিতার মুখে পড়লেও পরে নিজের পারফরম্যান্স দিয়ে তাদের মন জয় করেন এবং গত মৌসুমে ক্লাবের কিংবদন্তি হিসেবেই বিদায় নেন।
সিমিওনে বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে আঁতোয়ানকে নিয়ে আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে গিয়েছি, যখন তাকে চলে যেতে হয়েছিল, ফিরে এসে মাঠে নিজের মান ও সামর্থ্য প্রমাণ করতে হয়েছিল।
“আমি খেলাধুলার দিকটিতে মনোযোগ দেওয়া, নিজেদের দায়িত্ব পালন করা এবং আলভারেজকে সাহায্য করা ছাড়া অন্য কোনো পথ দেখি না। গত কয়েক বছর আমরা যেমনটা করে এসেছি।”
আগামী ১৯ আগস্ট ঘরের মাঠে সদ্য উন্নীত মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে এ্যাথলেটিকো।
গত মৌসুমে রাজধানীর ক্লাবটি চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল।