ওয়ানডেতে রেকর্ড গড়ল স্কটল্যান্ড ও কানাডা
১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে ওয়ানডে ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ৫৫ বছর পর ৫ হাজারতম ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে আইসিসির দুই সহযোগী দেশ স্কটল্যান্ড ও কানাডা।
গতরাতে স্কটল্যান্ডের ডুন্ডিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২এর ম্যাচে মুখোমুখি হয় কানাডা ও স্কটল্যান্ড। ঐতিহাসিক ম্যাচে কানাডাকে ৯ রানে হারিয়ে স্মরনীয় জয় তুলে নেয় স্কটিশরা।
টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার ফিনলি ম্যাকক্রিথের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান করে স্কটল্যান্ড। ৯ চার ও ২ ছক্কায় ১৪০ বলে ১১২ রান করেন ম্যাকক্রিথ। কানাডার জাহিদ সিরজাদ ৩ উইকেট নেন।
জবাবে ৪৯.২ ওভারে ২৭২ রানে অলআউট হয়ে যায় কানাডা। দলের হয়ে ওপেনার যুবরাজ সামরা ৬৫ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ৩ উইকেট শিকার করেন।
রেকর্ড বই বলছে, ওয়ানডে ইতিহাসের প্রথম ম্যাচে ৪২ বল হাতে রেখে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর প্রায় ২৪ বছর পর ওয়ানডেতে ১ হাজারতম ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৯৯৫ সালের ২৫ মে নটিংহামে ওয়ানডের ১ হাজারতম ম্যাচে মুখোমুখি হয়ে রেকর্ড বইয়ে নিজেদের নাম তুলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় ইংল্যান্ড।
১ হাজারতম ম্যাচ হবার আট বছর পর ওয়ানডে দেখতে পায় ২ হাজারতম ম্যাচ। ২০০৩ সালের ১০ এপ্রিল শারজাহতে ঐতিহাসিক ম্যাচ খেলতে নামে পাকিস্তান ও জিম্বাবুয়ে। ৮ উইকেটের জয়ে ম্যাচটি স্মরনীয় করে রাখে পাকিস্তান।
সাত বছর পর ওয়ানডেতে ৩ হাজারতম ম্যাচ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ঐ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারায় ইংলিশরা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২২ জুন। দিনের হিসেবে সবচেয়ে কম সময়ের মধ্যে হয় ৩ হাজারতম ওয়ানডে। প্রথম ১ হাজারতম ওয়ানডে হতে ৮৯০৫ দিন এবং ২ হাজারতম ওয়ানডে হতে ২৮৭৮ দিন সময় লাগে।
৪ হাজারতম ওয়ানডে হতে সময় লাগে ২৮২৫ দিন। ২০২৮ সালের ১৭ মার্চ হারারেতে ওয়ানডে ক্রিকেটের ৪ হাজারতম ম্যাচ খেলতে নামে পাপুয়া নিউগিনি-হংকং। ম্যাচটি ৫৮ রানে জিতেছিল পাপুয়া নিউগিনি।
৪ হাজারতম ম্যাচ হবার ৮ বছর বা ৩০৬৫ দিন পর হল ৫ হাজারতম ওয়ানডে।