শিক্ষকদের পরিশ্রমেই জাতির মেরুদণ্ড শক্তিশালী হয়: এমপি জাহান্দার
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করালেই হবে না, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকদের প্রচেষ্টা ও পরিশ্রমের ওপর নির্ভর করে জাতির মেরুদণ্ড।
আজ শনিবার দুপুরে রাজৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী মিয়া বলেন, ‘আপনারা শিক্ষকরা ছাত্র ছাত্রীদের মানুষ করেন। মা-বাবা সন্তান জন্ম দেন, আর শিক্ষিত করেন আপনারা।’ শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশেও শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ বাড়াতে হবে এবং কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়লে তার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সভাপতির বক্তব্যে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সভায় রাজৈর উপজেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী ও রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ।