প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেগড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক দীর্ঘদিন পর নতুন রূপে ফিরছে। শহরের শাকপালা মোড়ে অবস্থিত এ ঐতিহ্যবাহী পার্কের আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার বিকেল ৫টায় শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এতে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।
জানা গেছে, বগুড়া শহরের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম পরিচিত স্থান হিসেবে দীর্ঘদিন ধরে শাকপালা পার্কের রয়েছে বিশেষ পরিচিতি। ২০০১-২০০৬ সালে যখন বিএনপি সরকার যখন ক্ষমতায় তখন তৎকালীন বিএনপির যুগ্ম-মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পার্কটি তৈরি করা হয়।
কিন্তু দীর্ঘ ২০ বছরের অবহেলায় পার্কটির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল পার্কটি। এই পার্কের নতুন করে উন্নয়ন ও আধুনিকায়নের মধ্য দিয়ে এটি আবারও শহরবাসীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পার্কটি ঘুরে দেখেন।