শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা প্রদান

প্রকাশঃ Oct 5, 2026 - 20:10
শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা প্রদান


জেলায় শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৬-এর বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় রাষ্ট্রপতির পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম। দিবসটি উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলর সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান।

রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণকালে ডা. মির্জা ফাইজা তাসনিম বলেন, ‘রাষ্ট্রপতি শুধু একজন ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষকই ছিলেন না, তিনি পারিবারিকভাবেও আমাদের ভালো শিক্ষা দিয়েছেন। আমি শ্রদ্ধার সঙ্গে তাঁর এ সম্মাননা গ্রহণ করছি। আমাদের পরিবারের অভিভাবক এখন সারা দেশের অভিভাবক—এটা খুব ভালো লাগে।’