লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

প্রকাশঃ Aug 15, 2026 - 20:32
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের


জেলার হাতীবান্ধা উপজেলায় আজ ঢাকা-বুড়িমারী মহাসড়কে ট্রাক চাপায় জহুরুল (৫০) ও আব্দুল জলিল (৫০) নামে অটোরিকশার আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার বাসিন্দা। অন্যদিকে নিহত আব্দুল জলিল একই উপজেলার সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে লালমনিরহাট সদর থেকে বুড়িমারীগামী একটি ট্রাক ঢাকা-বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি অটোরিকশাটিকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী জহুরুল ও আব্দুল জলিল ঘটনাস্থলেই নিহত হন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।