কবিগুরুর প্রয়াণ দিবসে ‘টেগর লজে’ শ্রদ্ধা নিবেদন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ার ঐতিহাসিক ‘টেগর লজ’ প্রাঙ্গণে এক আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চারুকলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও ‘ভবের হাট’ সংস্থার সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক পারভেজ মজুমদার।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া সমাজ সেবা অফিসার মো. আখিনুর রহমান, কবি, গল্পকার আসমান আলী, লালন গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব্য এস এস রুশদী, কুষ্টিয়া বিএডিসি প্রকৌশলী আকরামুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন, চারুকলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মৌশুমি আক্তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপস্থাপক ও শিল্পী সুর্বণা মাহমুদ।
আলোচনা সভায় বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনার ওপর বিস্তারিত আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে উঠে আসে কুষ্টিয়া অঞ্চলের সঙ্গে কবিগুরুর গভীর আত্মিক ও ঐতিহাসিক সম্পর্কের কথা। বিশেষ করে ঐতিহাসিক টেগর লজের গুরুত্ব স্মরণ করে বলা হয়, কবিগুরুর স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে রবীন্দ্র-চর্চা তরুণ প্রজন্মকে আমাদের নিজস্ব সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
আলোচনা সভা শেষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে চারুকলা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গুণীজন এবং রবীন্দ্র-প্রেমী সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন।