কেএমপিতে নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ শুরু
আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ সকালে কেএমপি পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
এসময় তিনি বলেন, নির্বাচনে পুলিশের আইনগতভাবে নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে। পুলিশ সদস্যরা তাদের কর্মজীবনে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন, এই প্রশিক্ষণ মূলত তারই একটি ‘রিক্যাপ’ পর্ব।
তিনি প্রশিক্ষণের প্রতিটি সেশন গুরুত্বসহকারে গ্রহণ করার জন্য অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল অর্জনের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনি আইন, আন্তঃবাহিনী সমন্বয়, নির্বাচনি সহিংসতা প্রতিরোধ, নির্বাচনি আচরণবিধি, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা এবং বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।