সাইবারক্যাব রোবোট্যাক্সি চালুর ইঙ্গিত টেসলার

প্রকাশঃ Aug 23, 2026 - 16:22
সাইবারক্যাব রোবোট্যাক্সি চালুর ইঙ্গিত টেসলার


বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা শিগগিরই তাদের স্বচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ চালু করতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে। চালকবিহীন বা স্বচালিত গাড়ির এই সেবা দিয়ে তারা উবার ও ওয়েমোর মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইলন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করে। এতে আগামী ৩ সেপ্টেম্বর অস্টিনে আয়োজিত একটি অনুষ্ঠানে সাইবারক্যাব ব্যবহারের 'একচেটিয়া সুযোগ' দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। টেসলার সদর দপ্তরও এই শহরেই অবস্থিত।

টেসলা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অস্টিনে সাইবারক্যাব রোবোট্যাক্সির উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। লটারির মাধ্যমে নির্বাচিত কিছু মানুষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সাইবারক্যাব প্রথমবারের মতো উন্মোচন করা হয় ২০২৪ সালের অক্টোবর মাসে। সোনালি রঙের এই গাড়িতে দুজন যাত্রী বসতে পারবেন। এটি টেসলার প্রথম গাড়ি, যাতে স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই।

সে সময় মাস্ক বলেছিলেন, ২০২৭ সালের আগেই এসব চালকবিহীন বা স্বচালিত গাড়ির উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। গাড়িগুলো ব্যক্তিগত ক্রেতাদের কাছে ৩০ হাজার ডলারের কম দামে বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সাময়িকী ইনফরমেশন চলতি সপ্তাহে জানিয়েছে, টেসলার কর্মীদের বলা হয়েছে, প্রথমে জনসাধারণের ব্যবহারের রাস্তায় কোম্পানির কর্মীদের জন্য সাইবারক্যাব চলাচল শুরু হবে। এরপর অস্টিনে টেসলার রোবোট্যাক্সি সেবার বহরে গাড়িটি যুক্ত করা হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার ভক্তরা বিভিন্ন পার্কিং এলাকায় বিপুলসংখ্যক সাইবারক্যাব দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। এতে গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন শিগগিরই হতে পারে—এমন জল্পনা তৈরি হয়েছে।

গত বছর টেসলা অস্টিনে তাদের মডেল ওয়াই এসইউভি ব্যবহার করে চালকবিহীন  গাড়ির পরীক্ষামূলক সেবা চালু করে। পরে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে ধীরে ধীরে এই রোবোট্যাক্সি সেবা সম্প্রসারণ করা হয়।

তবে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনে অনেক ক্ষেত্রে গাড়িতে এমন একজন মানব তত্ত্বাবধায়ক বা চালক রাখার বাধ্যবাধকতা রয়েছে, যিনি প্রয়োজন হলে গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারবেন।

এদিকে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের স্বচালিত গাড়ি প্রযুক্তি কোম্পানি ওয়েমো বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে তাদের সেবা পরিচালনা করছে।