যশোরে ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
জেলায় আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
ঘটনার প্রায় ১৩ বছর পর ভুক্তভোগী যশোর জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি নূরনবী নিজেই বাদী হয়ে আজ রোববার এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান তহিদুর রহমান ফন্টু চাকলাদার, সাবেক পৌর মেয়র রেন্টু চাকলাদার, শফি ওরফে পাইপ শফি, কালাম, রুবেল ও রিন্টু।
যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ১৩ জুলাই যশোর শহরের ঘোপ জেলরোড এলাকার বাসিন্দা নূরনবীকে অস্ত্রের মুখে ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
পরে তাকে নির্জনস্থানে নিয়ে ছুরি দিয়ে পায়ের রগ কেটে দুই হাত ও পায়ের হাড় ভেঙে ফেলা হয় এবং টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আসামিদের ভয়ে এতদিন মামলা করতে পারেননি বলে জানান নূরনবী।