বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
জেলার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) নামে ২জন নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ছাত্র ছিলেন। সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি ব্যবসা করতেন।
শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে ২ জনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।