নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
জেলার লোহাগড়া উপজেলায় আজ সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা সদরের ভাটিয়াপাড়া- নড়াইল- যশোর সড়কের লক্ষ্মীপাশা বিদ্যুত অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাচ্চু খান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা বিদ্যুত অফিসের সামনে সড়ক পার হচ্ছিলেন মো. বাচ্চু খান। এসময় নড়াইল থেকে কালনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।