যশোরে নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে বিজিবি

প্রকাশঃ Sep 14, 2026 - 20:24
যশোরে নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে বিজিবি


জেলায় আজ ভৈরব নদে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সকাল ১০টায় বিজিবি’র যশোর রিজিয়ন সদর দপ্তরের (দক্ষিণ-পশ্চিম রিজিয়ন) উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন এবং ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বিজিবি’র যশোর রিজিয়ন সদর দপ্তরের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল শফিকুর রহমান, পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. আশরাফুল হক, পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল কামরুজ্জামান, বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।