রেনশ-এলিসের নৈপুণ্যে জয় দিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

প্রকাশঃ Sep 16, 2026 - 22:13
রেনশ-এলিসের নৈপুণ্যে জয় দিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার


মিডল অর্ডার ব্যাটার ম্যাট রেনশর সেঞ্চুরি ও পেসার নাথান এলিসের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল সফরকারী অস্ট্রেলিয়া। 

গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৫৯ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। রেনশের ১০৯ রানের নান্দনিক ইনিংসের পর বল হাতে ৫ উইকেট নেন এলিস। 

হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৭ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এসময় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন কুপার কনোলি। ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৫১ রান করেন তিনি। 

পঞ্চম উইকেটে অ্যালেক্স ক্যারির সঙ্গে ৭২ এবং ষষ্ঠ উইকেটে ওলিভার পিকেকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন রেনশ। 

ক্যারি ২৭ ও পিকে ৩০ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন রেনশ। ইনিংসের শেষ ওভারে থামার আগে ৭ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৯৪ বলে ১০৯ রান করেন রেনশ। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের নিউম্যান ন্যায়ামুরি ৬২ রানে ৫ উইকেট নেন। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। 

জবাব দিতে নেমে ৬২ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে জিম্বাবুয়ে। এসময় ২ উইকেট নেন এলিস। 

পঞ্চম উইকেটে ১০৪ বল খেলে ৯৮ রানের জুটিতে জিম্বাবুয়েকে চাপ মুক্ত করেন ক্রেইগ আরভিন ও অধিনায়ক সিকান্দার রাজা। ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করা আরভিনকে শিকার করে জুটি ভাঙ্গেন এলিস। 

উইকেটে সেট হয়ে সাজঘরে ফিরেন রাজা। ৫ বাউন্ডারিতে ৫৭ রান করেন তিনি। 

দলীয় ১৮১ রানের মধ্যে আরভিন ও রাজার বিদায়ের পর বেশি দূর যেতে পারেনি জিম্বাবুয়ে। ৪৫ দশমিক ১ ওভারে ২৩৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। 

৩১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন অস্ট্রেলিয়ার এলিস। ম্যাচ সেরা হন রেনশ। 

আগামী ১৮ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল।