আফগানিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় ভারতের

প্রকাশঃ Sep 16, 2026 - 22:17
আফগানিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় ভারতের


আফগানিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচও একই ব্যবধানে জিতেছে ভারত। ফলে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। 

দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে আফগানিস্তান। 

ওপেনার রহমানুল্লাহ গুরবাজ খালি হাতে ফিরলেও ৩৩ বলে ৩৭ রান করেন আরেক ওপেনার ও অধিনায়ক ইব্রাহিম জাদরান। 

মিডল অর্ডারে কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে, ভারতকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিতে পারেনি আফগানিস্তান। 

দারউইশ রাসুলি ২৬, মোহাম্মদ নবি ২০ ও রশিদ খান ২৮ রানের সুবাদে মামুলি সংগ্রহ পায় আফগানিস্তান।

বল হাতে ভারতের নিতিশ কুমার রেড্ডি ৩টি ও আর্শদীপ সিং ২ উইকেট নেন। 

জবাবে উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৮৮ রান তুলে ভারতের জয়ের পথ সহজ করে ফেলেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। 

দলীয় ৯৯ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নিলেও ইশান কিশান ও তিলক ভার্মার ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩১ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় ভারত। 

স্যামসন ২২ বলে ৫৭, অভিষেক ১৯ বলে ৩৯, কিশান ২৩ বলে ৩৮ ও তিলক ১৫ রান করেন। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভারতের রেড্ডি।  

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।