নাটোরে পুলিশের নির্বাচনি দায়িত্ব পালনের প্রশিক্ষণ
জেলায় আজ নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম জানান, দুই দিনের এ প্রশিক্ষণে জেলা পুলিশ ছাড়াও সিআইডি, হাইওয়ে এবং পিবিআইয়ের মোট ৪০ জন সদস্য অংশগ্রহন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আইনানুগতা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে যেকোন পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয়ের সক্ষমতা থাকতে হবে।