মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সারসহ দুইজন আটক

প্রকাশঃ Sep 24, 2026 - 20:27
মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সারসহ দুইজন আটক


মিয়ানমারে পাচারকালে দু’টি ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ দু’জনকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় গতকাল দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে কার্গো বোটে স্থানান্তরকালে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা (৩০ হাজার কেজি) ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত দু’টি ট্রাকসহ দু’জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।