থানচিতে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২
জেলার থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মো. জসিম ও মো. জিয়াবুল। তাদের বাড়ি কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। আহতরা হলেন, মো. রাসেল, মো. লিটন শিকদার, কাদের হোসেন ও শাহজালাল।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকবাহী চান্দের গাড়িটি ওই সড়ক দিয়ে টেন্ডুমুখের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
পরে বিজিবি সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে দুইজনকে মৃত এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
থানচি থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বলেন, পাঁচজনকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত দুইজনের মরদেহ থানচি থানায় আনা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, তিন্দু এলাকাটি দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই।সোমবার বিকেলে আলিকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকায় তিন্দু যাওয়ার পথে একদল পর্যটক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

