মৎস্য কৃষি ও প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে চায় সরকার

প্রকাশঃ Sep 28, 2026 - 20:24
মৎস্য কৃষি ও প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে চায় সরকার


ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বর্তমান সরকারের উদ্দেশ্য দেশের জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা মিটিয়ে মৎস্য, কৃষি এবং প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। 

জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত করতে হলে এ মন্ত্রণালয়ের কাজের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মন্ত্রী বলেন,  দ্রুততম সময়ের মধ্যেই আমরা সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করতে সফল হবো। সরকারের লক্ষ্য, মাঠের অভিজ্ঞতা, মানুষের চাহিদা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে একসাথে কাজ করে এ মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। 

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতির অভিপ্রায় অনুযায়ী মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি কমিটির সদস্যসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততার সাথে দায়িত্ব পালনের জন্য পরামর্শ প্রদান করেন। 

বৈঠকে তিনি মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পসমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন এবং উক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উত্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন। 

বৈঠকে সর্বসম্মতিক্রমে সভাপতি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের শূন্য পদ পূরণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের পরিচিতি ও কার্যাবলী সম্পর্কে অবহিত করা হয়। 

বৈঠকে কমিটির সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম. এ. হান্নান, আলী আজম মো. আবু বকর এবং মো. আমির হামজা অংশগ্রহণ করেন।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।