নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জেলার নান্দাইল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় ভুক্তভোগীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-উপজেলার সংগ্রামখেলী গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (২) ও তার ভাগিনা রাফি মিয়া (২)।
রাফি পার্শ্ববর্তী চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে। নিহত জান্নাত ও রাফি সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুরা বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য ও ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী কামরুল ইসলাম বলেন, শিশুরা বাড়ির পাশেই খেলছিল। অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজখবর নেওয়া হচ্ছে।