বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ শুরু কাল

প্রকাশঃ Oct 2, 2026 - 20:45
বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ শুরু কাল


গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে আগামীকাল শনিবার ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ শুরু হচ্ছে।

পঞ্চমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন ৩ থেকে ৫ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। এতে শতাধিক দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন।

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, প্রযুক্তিবিদ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

আজ শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে এবারের সম্মেলনের ঘোষণা দেন।

তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে তৈরি হওয়া সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজা সম্মেলনের অন্যতম লক্ষ্য।

জিল্লুর রহমান বলেন, এবারের সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। সময়ের সঙ্গে সম্মেলনের পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়গুলো আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এবারের সম্মেলনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এসব সংলাপে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিজিএসের পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনের বিষয়বস্তু, সময়সূচি ও আলোচকদের তালিকা সম্বলিত বুকলেট বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।