ইরানের তেলমন্ত্রী পদত্যাগ করলেন হামিদ বোভার্দ নতুন তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের তেল রপ্তানি কার্যত বাধাগ্রস্ত হওয়ার মধ্যে দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির শীর্ষ তেল কর্মকর্তা হামিদ বোভার্দ।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকনেজাদের পদত্যাগ গ্রহণের পর ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে প্রেসিডেন্টের আদেশে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, পাকনেজাদ কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তখন তা গ্রহণ করা হয়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে দায়িত্বে থাকার অনুরোধ করেছিলেন। তবে পাকনেজাদ পদত্যাগের বিষয়ে অনড় থাকায় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে ওই কর্মকর্তা জানান।
পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণের পর পেজেশকিয়ান তার প্রচেষ্টা ও আন্তরিক সেবার প্রশংসা করেন বলেও কর্মকর্তা জানান।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি এই নৌপথ দিয়ে পরিবহন করা হতো।
ইরান বর্তমানে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে।
এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে, যার লক্ষ্য দেশটির তেল রপ্তানি বন্ধ রাখা।
যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কারণে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের পেট্রল পাম্পে দীর্ঘ সারি দেখা গিয়েছিল।

