টেকনাফ সীমান্তে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ
টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, অভিযানকালে মো. ইদ্রিস (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক ও এসআরবি প্রতিনিধির যৌথ পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি ও এসআরবির যৌথ একটি দল আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহল দল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আগত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে যৌথ দল।
আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় অভিযান দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যৌথ দল ধাওয়া করে ৩টি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মো. ইদ্রিস টেকনাফের ডেইল পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

