জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ হলেও গুরুত্বপূর্ণ সেবা চালু থাকবে: যুক্তরাজ্য
ইসরাইল জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেটের কার্যক্রম বন্ধের কথা জানানোর পরও শহরটিতে ‘গুরুত্বপূর্ণ সেবা’ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে যুক্তরাজ্য সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, কনস্যুলেট জেনারেলের ভবনটি খোলা থাকবে। তবে বৃহস্পতিবার থেকে এর নাম হবে ‘ইউকে মিশন, জেরুজালেম।’
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, ‘ইউকে মিশন, জেরুজালেম স্বাধীন ও কার্যকর থাকবে। এটি গুরুত্বপূর্ণ সেবা দেওয়া ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে আমাদের কাজ অব্যাহত রাখবে।’
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় লন্ডন নেতৃত্ব দেওয়ার পর প্রতিশোধ হিসেবে ইসরাইল সেপ্টেম্বরে কনস্যুলেটটি বন্ধের নির্দেশ দিয়েছিল।

