আমদানি নীতি আদেশ পরিমার্জনে গঠিত হলো মন্ত্রিসভা কমিটি
‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পরিমার্জনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সম্প্রতি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যমন্ত্রীকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী।
কমিটির প্রধান দায়িত্ব হবে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিমার্জন করে সরকারের কাছে সুপারিশ প্রদান করা। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। এছাড়া কমিটির সকল প্রশাসনিক ও সাচিবিক সহায়তা প্রদান করবে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের আমদানি ব্যবস্থাপনা, বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আমদানি নীতি আরও যুগোপযোগী ও কার্যকর করার পথ সুগম হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।