সুনামগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
জেলার জগন্নাথপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১ হাজার ৮শত জন উপকারভোগী কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হবে। এছাড়াও ৬শ জন কৃষককে মাঝে গ্রীষ্মকালীন শাক সবজি বীজ, হাইব্রিড মরিচের চারা, লেবুর চারা ও বিভিন্ন জাতের গাছের চারা সাথে জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কৃষি অফিসার কাউসার আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ, যুগ্ম আহবায়ক এম এ মুকিত প্রমুখ। এসময় কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।