মাকে মারধর-শ্লীলতাহানির জেরে ভাড়াটিয়াকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ সহোদর

প্রকাশঃ Jul 6, 2026 - 20:01
মাকে মারধর-শ্লীলতাহানির জেরে ভাড়াটিয়াকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ সহোদর

বাসা ভাড়া নিয়ে বিরোধ এবং মাকে মারধর ও শ্লীলতাহানির জেরে ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড ছত্রিশবাড়ি কলোনিতে ভাড়াটিয়া রাজিব আহমেদ রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বাড়িওয়ালাসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. আব্দুল হামিদ।

মামলা দায়েরের পর ছায়া তদন্তে নেমে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও মূলহোতা জনিসহ তার চার সহোদরকে (ভাই) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এছাড়া এ ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ (সোমবার, ৬ জুলাই) বিকেলে গ্রেপ্তার চার সহোদরকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিহত ভাড়াটিয়া রাজিব আহমেদ রুবেল বাসার ভেতরে মাদকের আসর বসাতেন। এ কারণে বাড়িওয়ালি পারুল বেগম (৫০) ও তার সন্তানরা রুবেলকে বাসা ছেড়ে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু রুবেল বাসা ছাড়তে নারাজ ছিলেন এবং জোরপূর্বক ওই বাসায় অবস্থান করছিলেন।