সাংহাইয়ের এআই সম্মেলনে অংশ নিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

প্রকাশঃ Jul 17, 2026 - 19:28
সাংহাইয়ের এআই সম্মেলনে অংশ নিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি)-২০২৬’-এ যোগ দিয়েছেন। 

১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) চীনের সাংহাই শহরে জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতাদের মধ্যে কাজাখস্তানের প্রেসিডেন্ট, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ (ইউএন) মহাসচিব বক্তব্য প্রদান করেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টেকসই ব্যবহার ও এর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৮ জুলাই) এআই শাসনের ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতা বা ‘হাই-লেভেল মিটিং অন গ্লোবাল কো-অপারেশন ইন এআই গভর্ন্যান্স’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখবেন বাংলাদেশের মন্ত্রী ফকির মাহবুব আনাম। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।

এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, প্রযুক্তিবিদ ও গবেষকেরা অংশ নিচ্ছেন, যেখানে এআই প্রযুক্তির ভবিষ্যৎ ও বৈশ্বিক নীতিমালা প্রণয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।