ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

প্রকাশঃ Jul 26, 2026 - 21:02
ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত


জেলায় আজ দুইহাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। 

শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।

আজ রোববার নগরীর পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে এ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি রোববার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ অভিযান পরিচালিত হবে। আনুষ্ঠানিকভাবে ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। 

এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি রোববার ‘ক্লিন সানডে’ নামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে পরিবেশ ক্লাব গঠন এবং স্যানিটেশন অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিমাসে পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভালো কাজ করা শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানে ‘ক্লিন আপ বাংলাদেশ’র স্বেচ্ছাসেবক দল, শিক্ষক ও শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।