৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নে সর্বোচ্চ ৫ শতাংশ কর প্রণোদনা

প্রকাশঃ Aug 2, 2026 - 20:12
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নে সর্বোচ্চ ৫ শতাংশ কর প্রণোদনা


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৩ সালের আয়কর আইনের বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য সর্বোচ্চ ৫ শতাংশ কর প্রণোদনা ঘোষণা দিয়েছে। তবে এ সুবিধার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (রোববার) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণ আয়কর রিটার্নের সাথে পরিশোধযোগ্য কর (আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩ অনুযায়ী) এর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর প্রণোদনা বা কর ছাড় প্রাপ্ত হবেন। তবে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না।  

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে আয়কর রিটার্নের সাথে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩(২) অনুসারে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা, এই দুইয়ের মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হবে। 

এছাড়া, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর রিটার্নের সাথে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩(২) অনুসারে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, এই দুইয়ের মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এতে আরো বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে যে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর প্রণোদনা প্রদানের ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন। পাশাপাশি কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম অধিকতর দক্ষ ও সুশৃঙ্খল হবে।

ই-রিটার্ন সেবার বিষয়ে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড গত ২২ জুলাই ২০২৬ তারিখ থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাগণের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে। 

করদাতাগণ জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকার পত্র ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব। 

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

এনবিআর জানায়, ৩০ সেপ্টেম্বরের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে কর প্রণোদনা প্রযোজ্য হবে না। তাই জাতীয় রাজস্ব বোর্ড সম্মানিত করদাতাগণকে উক্ত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।