দিয়াজের নৈপুণ্যে প্রাক-মৌসুমে ভিলাকে হারাল বায়ার্ন
লুইস দিয়াজের দুর্দান্ত এক গোলে তারুণনির্ভর বায়ার্ন মিউনিখ শুক্রবার হংকংয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে।
কলম্বিয়ার বিশ্বকাপ শেষ ষোলোয় ওঠার পথে দারুণ পারফর্ম করা দিয়াজ বায়ার্নেও জার্সিতেও আলো ছড়িয়েছেন।
গত মৌসুমে জার্মান লিগ ও কাপ- দুই শিরোপাজয়ী বায়ার্ন এবং ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিলার মধ্যকার কিছুটা অগোছালো ম্যাচে তিনি ছিলেন অন্যতম আকর্ষণ।
৩৭ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়ে ছয় গজ দুরের থেকে ফ্রি-কিকের বলে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান।
দ্বিতীয়ার্ধে বায়ার্ন বেঞ্চ থেকে কয়েকজন তারকা খেলোয়াড়কে মাঠে নামায় এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে। দিয়াজের একটি শট গোললাইন থেকে ফিরিয়েও দেন ভিলার খেলোয়াড়েরা।
তবে ৭৩ মিনিটে নিজের চেনা ভঙ্গিতে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। বাম প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে প্রতিপক্ষকে কাটিয়ে তার করা শক্তিশালী শটটি ক্রসবারে লেগে জালে প্রবেশ করে।
দিয়াজের অসাধারণ গোলটি কাই তাক স্টেডিয়ামের ৩৮ হাজার দর্শকের বড় অংশকে আনন্দে মাতিয়ে তোলে। গ্যালারিতে বেশিরভাগ সমর্থকই ছিলেন বায়ার্নের।
৮৩ মিনিটে ব্যবধান কমায় ভিলা। নতুন চুক্তিবদ্ধ হুয়াও গোমেজের শটটি বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে কোনো সুযোগই দেননি।
এর কিছুক্ষণ পরই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ভিলা। তবে কিংবদন্তি জার্মান গোলরক্ষক নয়্যার পোস্টের খুব কাছ থেকে টামি আব্রাহামের হেড ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
বায়ার্নের মাইকেল ওলিসে ও হ্যারি কেনসহ বিশ্বকাপের বেশ কয়েকজন তারকা হংকং সফরে যাননি।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “আমি খেলোয়াড়দের সত্যি বলেছি যে এই পারফরম্যান্সে আমি মুগ্ধ। কারণ আপনি জানেন কারা এখানে আছে, আবার কারা নেই। এই ধরনের ম্যাচে নেমে একই রকম থাকা, বায়ার্ন মিউনিখের মতো খেলতে পারা অত্যন্ত কঠিন। শেষ ১০-১৫ মিনিট কিছুটা প্রাক-মৌসুমেরই প্রতিফলন ছিল-অনেক পরিবর্তন হয়েছে। একজন কোচ হিসেবে সেই অর্থে ম্যাচ নিয়ন্ত্রণ করা আরও কঠিন।”
এদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার মরগান রজার্স গত মাসে চেলসিতে যোগ দেওয়ার পর তাকে ছাড়া নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছে ভিলা। রজার্সকে দলে নিতে চেলসি ১১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করেছে বলে জানা গেছে, যা ব্রিটিশ ফুটবলের ইতিহাসে রেকর্ড অঙ্ক।
আগামী বুধবার ইউরোপিয়ান সুপার কাপে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে ভিলা। এরপর ২৩ আগস্ট প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রাইটনের মাঠে খেলবে তারা।
অন্যদিকে বায়ার্ন ২৮ আগস্ট ঘরের মাঠে নতুন বুন্দেসলিগা মৌসুম শুরু করবে স্টুটগার্টের বিপক্ষে।