জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে বিইআরসি
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আগস্ট মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশনের আদেশ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার ১৫৯ দশমিক ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। ঘোষিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি গ্রহণসহ বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিইআরসির গত বছরের ১৩ মে জারিকৃত আদেশ নম্বর : ২০২৫/০৮ এর অনুচ্ছেদ ৯ দশমিক ২ অনুযায়ী গত ৫ জুলাই -৪ আগস্ট সময়ে জেট ফুয়েলের প্রকাশিত প্লাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি সেটেলম্যান্ট বিবেচনায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৩০ দশমিক ৯৯ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
আর দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।