বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার
বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
গতকাল সোমবার রাত ৮টা থেকে ২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তাররা হলেনÑ মো. রফিকুল ইসলাম ওরফে ‘গাঁজা রফিক’ (২৫), মো. রিফাত হোসেন বিল্লাল (১৮), মো. মিঠুন মৃধা (৩১), মো. রাব্বি খান (২৩) ও মো. ইমরান (২৬)।
বিএমপি মিডিয়া সেল জানায়, অভিযানের সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এসব তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের ৪টি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে আরও ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ৩ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৪ জন, অন্যান্য আইনে ১ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।