'মায়ের ডাক'-এর প্রতিনিধি দলের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাক্ষাৎ
গোলাম রসুল পারভেজ
মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার প্রায় ৬০টি পরিবারের সদস্য ও প্রতিনিধিরা।
এ সময় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারকাজের অগ্রগতি নিয়ে পরিবারের সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা হয়। বিচার প্রক্রিয়ায় গতি আনা এবং তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানান মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দলের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি গুমের অভিযোগগুলো যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা ছাড়াই নিরপেক্ষভাবে তদন্ত ও বিচার করা হয়, সে অনুরোধও জানান তিনি।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, গুমের মামলায় পারদর্শী পাঁচজন তদন্ত কর্মকর্তা (আইও) বর্তমানে এসব মামলা তদন্তে কাজ করছেন। তিনি বলেন, গুমের প্রতিটি অভিযোগই সমান গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।