পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের বৈঠক

প্রকাশঃ Sep 1, 2026 - 16:39
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের বৈঠক


পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ‎আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় হয়। এসময় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদী ভাঙ্গন, জলবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া জরুরি। 

‎মন্ত্রী আরও বলেন, সরকার দেশের নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদী ভাঙ্গন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান জানান তিনি। ‎

‎জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

‎এছাড়াও সভায় পানিসম্পদ খাতে চলমান প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।