ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশঃ Sep 4, 2026 - 20:44
ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী


ধর্মকে পুঁজি করে দেশে বিভাজন বা সমাজে অশান্তি সৃষ্টির যেকোনো প্রচেষ্টা রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শুক্রবার যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জন্মাষ্টমী উপলক্ষে যশোর জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় পরিচয় বা রাজনৈতিক দর্শনের ভিন্নতা নির্বিশেষে যারা সস্তা রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ধর্ম মানুষের বিশ্বাস ও চেতনার বিষয়; অনৈতিক রাজনৈতিক সুবিধা অর্জনের হাতিয়ার হিসেবে এর ব্যবহার কাম্য নয়।

জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শ্রীকৃষ্ণের জন্ম দুঃসময়ের মধ্যে হয়েছিল মথুরার কারাগারে। এর থেকে শিক্ষা মেলে যে অন্ধকার যত গভীর হোক, ন্যায়ের পথ ধরেই মুক্তির আলো আসে। চব্বিশের গণঅভ্যুত্থানও একই শিক্ষা দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বক্তব্য স্মরণ করে তিনি বলেন, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকের পরিচয় তারা বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বীদের প্রতি তাদের অধিকার অন্যদের সমান বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

সম্মানিত অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য প্রমুখ।