যশোরে অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রিতে ২ লাখ টাকা জরিমানা
জেলার কেশবপুর উপজেলায় আজ বিএসটিআই-এর অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে ‘ইত্যাদি স্টোর’ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে দুইলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অভিযানকালে ইত্যাদি স্টোরে বিএসটিআইয়ের অনুমোদনহীন বিভিন্ন শিশুখাদ্য ও পানীয় পাওয়া যায়। এগুলোর মধ্যে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা ও বেনামি বিভিন্ন জুস রয়েছে। কোন পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা নেই। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক স্বপন কুমার দাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় একলাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা সহ মোট দুইলাখ টাকা জরিমানা করা হয় । এ ছাড়া অনুমোদনহীন খাদ্যপণ্য বিনষ্ট করা হয়।
এ সময় কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।