ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় দুই বোন নিহত

প্রকাশঃ Oct 29, 2026 - 16:46
ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় দুই বোন নিহত


জেলার তারাকান্দা উপজেলায় আজ সকালে কাভার্ডভ্যানের ধাক্কায় মায়ের সামনে ২ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে তারাকান্দা উপজেলার ফুলপুর সড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- আরবিয়া (৮) ও রাবিয়া (৬)। নিহতরা উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে শিশুদের মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে। তারা পশ্চিম তালদিঘী এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে আসতেই পিছন থেকে একটি কাভার্ডভ্যান ২ শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ শিশুর মৃত্যু হয়।

ইতোমধ্যে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোহাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মায়ের সাথে ২ শিশু সড়কের পাশ দিয়ে হাঁটছিল। 

এসময় পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ২ বোনকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। 

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পববর্তী ব্যবস্থা নেয়া হবে।