ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন—বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ইতোমধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ও জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন নিজেদের ভোট প্রদান করেছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২১ প্লাটুন বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নির্বাচন পর্যবেক্ষণে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া বডি ক্যামেরা ও বিজিবির ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে মনিটরিং সেল।
বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপর নির্ধারিত প্রক্রিয়ায় ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

