ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পুতিন: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রকাশঃ Apr 27, 2026 - 17:44
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পুতিন: রাষ্ট্রীয় গণমাধ্যম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মস্কো থেকে এএফপি এ খবর জানায়। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া ও ইরানের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস পুতিনের এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আরাকচি আলোচনার জন্য মস্কো সফরে করবেন।

মন্ত্রণালয় থেকে বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলা হয়, ‘আলোচনার উদ্দেশ্যে আরাকচির রাশিয়া সফরের বিষয়টি আমরা নিশ্চিত করছি।’ তবে বিস্তারিত কিছু জানায়নি তারা। অন্যদিকে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-কে রাশিয়ায় নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, আলোচনার সর্বশেষ অবস্থা, যুদ্ধবিরতি এবং সংশ্লিষ্ট পরিস্থিতি নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করতে আরাকচি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আরাকচি রোববারই ইসলামাবাদ থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন। 

এর আগে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয়বারের মতো যাত্রাবিরতি করেন। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি ছিল সেখানে তার দ্বিতীয় সফর। এর আগে ওমান সফর করেন। মধ্যস্থতাকারীরা গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মার্কিন-ইসরাইল-ইরান যুদ্ধে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও দ্বিতীয় দফা সরাসরি আলোচনা হয়নি।