সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু
জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করতে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ-২০২৬’ ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া মাসব্যাপী এই কার্যক্রম চলবে আগামী ২৬ মে পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে এ কথা জানানো হয়। গতকাল এ সংক্রান্ত আদেশে মাউশির মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উদ্যোগে বৈশ্বিক প্রতিষ্ঠান ‘কোড.ওআরজি’-এর সহযোগিতায় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
এতে বলা হয়, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দিয়ে আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। মাউশির নির্দেশনা অনুযায়ী, এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক বাতায়নের ‘আইসিটি৪ই অ্যাম্বাসেডর’ এবং আইসিটি শিক্ষকদের যুক্ত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষকরা নির্ধারিত গাইডলাইন অনুসরণ করে শিক্ষার্থীদের নিয়ে ‘কিশোর বাতায়ন’ (শড়হহবপঃ.বফঁ.নফ) প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্যাম্পেইনটি পরিচালনা করবেন।
কার্যক্রমটি সফল করতে মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় অনলাইন মিটিং ও মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।