দিনাজপুরে কৃষকদের মাঝে আমন বীজ ও চারা বিতরণ
জেলার সদর উপজেলার ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ শনিবার বিকালে চলতি অর্থ-বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমনের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষ-রোপণ কর্মসূচির আওতায় এ সব বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের কৃষি ও মেহনতি কৃষকদের সার্বিক উন্নয়নে সর্বদা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রণোদনার মূল লক্ষ্য। তিনি দিনাজপুর জেলাকে একটি পূর্ণাঙ্গ কৃষি ভিত্তিক অঞ্চলে রূপান্তরিত করা এবং কৃষকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর বিশেষ জোর দেন। একই সাথে তিনি অতীতে ১৯৯১ সালের ভয়াবহ বন্যার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হেলিকপ্টারে করে কৃষকদের জন্য জরুরি সার ও বীজ সরবরাহের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন যে, তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক কৃষকদের আমন আবাদে সরাসরি প্রণোদনা দিচ্ছেন, যা গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করতে সহায়তা করবে। পরে তিনি কৃষকদের হাতে বীজ, সার ও গাছের চারা তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের বিপুল সংখ্যক সুবিধাভোগী কৃষক অংশ নেন।
সদর উপজেলার মোট ৪ হাজার ২৫০ জন তালিকাভুক্ত কৃষককে এই কর্মসূচির আওতায় সরাসরি সহায়তা দেয়া হয়। এর মধ্যে প্রতিজন কৃষককে রোপা আমন ধানের ৬ কেজি উন্নত বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দীক এবং স্থানীয় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় ৭ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী এবং জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।