মোহাম্মদপুরে কিশোরী স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
রাজধানীর মোহাম্মদপুরে ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) আয়োজিত কিশোরী সচেতনতা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। (১৮ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির মেডিকেল শিক্ষার্থী আরিবা ইসলাম। অনুষ্ঠানে মোহাম্মদপুরের আনন্দ নিবাস এতিমখানা ও ইসলামী মিশন বালিকা এতিমখানার কিশোরীরা অংশ নেয়। কর্মসূচিতে তাদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আরিবা ইসলামসহ প্রশিক্ষকরা সুস্থ জীবনযাপন, পুষ্টিকর খাদ্যাভ্যাস, স্যানিটারি ন্যাপকিনের গুরুত্ব ও সঠিক ব্যবহার এবং ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করেন।
দলীয় আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার বিষয়ে আলাদাভাবে পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। কর্মসূচি শেষে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পরে আরিবা ইসলাম মোহাম্মদপুর এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে গিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে গুরুত্বারোপ করেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ না করার আহ্বান জানান।
তিনি বর্তমানে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ধরণ, সচেতনতা ও নিয়ম মেনে চলা নিয়ে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। প্রাথমিকভাবে নীলফামারী ও বৃহত্তর ঢাকা এলাকায় এ গবেষণা চলছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে আরিবা ইসলাম বলেন, শৈশব থেকে ডিসিআইয়ের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত মানুষের বাস্তবতা সম্পর্কে জানতে পেরেছেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে কর্মসূচির সফলতা কামনা করেন। তিনি আরিবা ইসলামের দীর্ঘদিনের সম্পৃক্ততা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তার গবেষণা কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, আরিবা ইসলাম সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শারহীন ইসলাম চৌধুরী তুহিনের কন্যা।
নাসির উদ্দিন শাহ মিলন