সাতক্ষীরায় সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা প্রতিরোধে সভা
অনলাইনে সাইবার বুলিং, শোষণ ও নির্যাতন এবং মানসিক, যৌন ও শারীরিক সহিংসতার শিকার শিশু, যুব ও নারীদের বর্তমান পরিস্থিতি এবং তা প্রতিরোধে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের যুগ্ন সচিব ও পরিচালক মো. হুসাইন শওকত।
ব্রেকিং দ্য সাইলেন্স-এর পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং টেরে ডেস হোমস্ নেদারল্যান্ডস-এর সহযোগিতায় উক্ত সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার প্রমুখ।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিএসও প্রতিনিধি, শিশু সুরক্ষা কমিটির সদস্য, স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম ও সাংবাদিকসহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিশু, যুব ও নারীদের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে সংঘটিত সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।