সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামি গ্রেপ্তার

প্রকাশঃ Aug 12, 2026 - 15:44
সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামি গ্রেপ্তার


চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় ২বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার পৃথক দু’ট স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়। মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং রফিকুল ইসলাম অপর একটি চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডের আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় সুযোগ বুঝে কারাগার থেকে পালিয়ে যান মোজাম ও রফিকুল। 

এরপর থেকে তারা নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক ওই ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, কারাগার থেকে পালানো অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাংচুরের পর মোট ৮৭ জন বন্দী পালিয়ে যান। এ ঘটনার পর ১৫ আগস্ট একটি মামলা দায়ের হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেপ্তার হলেও ৪১ জন আসামি পলাতক ছিলেন। 

সর্বশেষ গতকাল রাতে এই দু’জনকে গ্রেপ্তারের পর এখনও ৩৯ জন আসামি পলাতক রয়েছেন।